
শেষ আপডেট: 19 July 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: এ যেন সেই রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো, ‘শেষ হইয়াও হইল না শেষ’। ভোট মিটেছে। তবু পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রেশ অব্যহত। রাজ্যের যে যে এলাকার বুথে ভোট লুঠ হয়েছে, সন্ত্রাস হয়েছে, সেখানকার বিডিওদের (BDO offices) সাসপেন্ড করার দাবিতে মঙ্গলবার সরব হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিনেই (TMC Rally on 21st July) রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ভোটের নামে প্রহসনের অভিযোগে এদিন কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল বিজেপি। ছিলেন বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ওই মঞ্চ থেকেই শুভেন্দু ঘোষণা করেন, “রাজ্যের যেখানে যেখানে বিডিওরা ভোট লুঠ করেছে, কারচুপি করেছে সেখানে সেখানে ২১ জুলাই দলের কর্মীরা বিডিও অফিস ঘেরাও করবেন।”
বিজেপির দাবি, সদ্য শেষ হওয়া ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তাঁদের ১১ জন কর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার কর্মী। ২১ হাজারেরও বেশি বুথে ভোটই করতে দেওয়া হয়নি। ইতিমধ্যে ভোট কারচুপির অভিযোগে ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার হাবড়া-২ নম্বর এবং হাওড়ার আমতার বিডিওকে আদালতে তলব করেছেন বিচারপতি। এই প্রসঙ্গেই মঙ্গলবার রাতে দিলীপ দাবি করেছিলেন, “ভোটকে প্রহসনে পরিণত করার কাজে তৃণমূলকে যোগ্য সঙ্গত দিয়েছেন বিডিও-রা। তাই সমস্ত বিডিওকে সাসপেন্ড করে দেওয়া উচিত, চাকরি খেয়ে নেওয়া উচিত।” এবার প্রতিটি বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, ২১ জুলাই অর্থাৎ শুক্রবার বিডিও অফিস ঘেরাওয়ের এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন শুভেন্দু স্বয়ং। কারণ, বৃহস্পতিবার থেকেই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। দিলীপ ও সুকান্ত দুজনেই সাংসদ। ফলে তাঁরা যোগ দেবেন অধিবেশনে। শুভেন্দু বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামতে হবে। আমাদের লড়াই এখান থেকেই শুরু হচ্ছে। সকলকে এই লড়াইয়ে নামার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা