দ্য ওয়াল ব্যুরো: শনিবারই মেদিনীপুর কলেজিয়েট মাঠে নরেন্দ্র মোদীর পাল্টা সভা সেরে ফেলেছে তৃণমূল। আড়ে-বহরে গেরুয়া শিবিরের মতো না হলেও রাজ্যের শাসক দলের নেতাদের ঝাঁঝ ছিল তীব্র। আর রবিবার রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী সভা করতে যাচ্ছেন মুর্শিদাবাদের রেজি নগরে।
গত একুশে জুলাই ধর্মতলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন সেই সময় রেজিনগরে সভা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তৃনমূলের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। রবিবার সেখানেই দিলীপের পাল্টা সভা করবেন শুভেন্দু।
শাসক দল সূত্রের খবর, শুধু সভা নয়, শুভেন্দু অধিকারীর মঞ্চ থেকে ঘাসফুল শিবিরে যোগ দেবেন বিজেপি’র এক ডজন ব্লক ও মণ্ডলীর নেতৃত্ব। গত একুশে জুলাই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মুর্শিদাবাদের দুই বিধায়ক আখরুর জামান এবং আবু তাহেরও থাকবেন এ দিনের সভায়। প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে বলার সুযোগ পাবেন তাঁরা।
প্রসঙ্গত, পুরুলিয়ার বলরামপুরে গত মাসে আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে ত্রিলোচন মাহাত এবং দুলাল কুমার নামের দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। সভাও করেন বলরামপুরে। সেখান থেকেই বিজেপি’র পাল্টা কর্মসূচি নেয় তৃণমূল। সেটা যে শুরুয়াত ছিল যত দিন এগিয়েছে তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল। এরপর কৃষ্ণনগরেও মুকুল রায়ের পাল্টা সভা করেন শুভেন্দু।