
শেষ আপডেট: 31 August 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র ৪ দিন। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপ নির্বাচন। ইতিমধ্যে ধূপগুড়ির উপ নির্বাচনকে ঘিরে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (30 company central force) মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভোটে জিততে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। তবে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না, স্থানীয় থানার ওসি কে যেন ভোটের কাজে না ব্যবহার করা হয়। বৃহষ্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে ধুপগুড়ি (Dhupguri) উপ নির্বাচনের পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।
ধূপগুড়ির বিধায়ক ছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর অকাল মৃত্যুর কারণেই উপ নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। এবার বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন ধূপগুড়ির সভা থেকে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, “ধূপগুড়ির হাসপাতালে চিকিৎসক থাকে না, গেলেই রেফার করা হয়। এখানকার মানুষকে অসমে গিয়ে চিকিৎসা নিতে হয়।”
একদা বাম দুর্গ ধূপগুড়িতে একুশের বিধানসভা ভোটে এক প্রকার মেরুকরণ হয়ে গিয়েছিল। লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বামেরা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু সাগরদিঘির উপনির্বাচনে সাফল্য ও পঞ্চায়েত ভোটে আসন বাড়ানোর পর এবার ধূপগুড়ির ভোটে উঠেপড়ে লেগেছে কংগ্রেস-সিপিএমও। কংগ্রেসের সমর্থনে সেখানে জোটের প্রার্থী হয়েছেন স্থানীয় হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। পাটকিদহ মাদ্রাসার এই প্রাক্তন শিক্ষক আবার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী।
অন্যদিকে জয়ের ধারা ধরে রাখতে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। বসে নেই শাসকদল তৃণমূলও। কৌশল বদলে ধূপগুড়ি আসনের জন্য শাসক বেছে নিয়েছে নতুন মুখ। অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে জোড়াফুলের প্রার্থী করা হয়েছে সেখানে। উপর্যুপরি দুর্নীতির অভিযোগে দল যখন জেরবার তখন একটা পরিচ্ছন্ন মুখকে প্রার্থী করার পথে হেঁটেছে কালীঘাট।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধূপগুড়ির উপ নির্বাচনে লড়াই এবার হাড্ডাহাড্ডি। যে কারণে একুশের ভোটে এখানে জিতেও বিশেষ স্বস্তিতে নেই গেরুয়া শিবিরও।
আরও পড়ুন: বাড়ি গিয়ে বুদ্ধবাবুকে দেখে এলেন নওসাদ, সঙ্গে নিলেন কই আর শিঙি মাছ