
শেষ আপডেট: 17 July 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পঞ্চায়েত ভোটে যথেচ্ছাচার হয়েছে, এমনই অভিযোগ বিরোধীদের। ভোটের দিন বুথ জ্যাম, ভোট লুঠ, গণনার দিন বেনিয়ম, কারসাজি—শাসকদলের বিরুদ্ধে এমনই অজস্র অভিযোগ তুলেছে বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস-সহ সবকটি রাজনৈতিক দলই। এই নিয়ে রাস্তায় আন্দোলনেও নেমেছেন অনেকে। তবে বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সে পথে হাঁটলেন না। প্রতিবাদীর বদলে হয়ে উঠলেন গান্ধীবাদী। সোমবার সকালে হাওড়ার পাঁচলা (Panchla) দেখল শুভেন্দুর সেই অভিনব প্রতিবাদ।
এদিন বেলার দিকে পাঁচলায় বিডিও অফিসে পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও। মূলত বিডিও’র সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিডিওকে না পেয়ে শেষে জয়েন্ট বিডিও (Joint BDO)-র হাতে কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দু। আর মুখে বললেন, ‘দারুণ ভোট করিয়েছেন।’ যদিও কালো গোলাপ আর মিষ্টি পেয়ে জয়েন্ট বিডিও’র তখন মুখ লুকানোর দশা।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে যথেচ্ছ লুঠ এবং অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের সমস্ত বিডিও অফিসেই কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট বিতরণ করতে চলেছে বিজেপি। সোমবার পাঁচলা বিডিও অফিস থেকে সেই কর্মসূচি শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা। একপ্রকার কটাক্ষের সুরেই শুভেন্দু জয়েন্ট বিডিওকে বলেন, “আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করেছেন। তার জন্য এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম।” এরপর তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “এঁরা এত সুন্দরভাবে গণনা করেছে যে, মমতাময়ী নির্মমতাকে সব ভোট লুঠ করে উপহার দিয়েছে।”
পঞ্চায়েত ভোটে আগেই কারচুপির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বললেন, তৃণমূলের সঙ্গে সরকারি আধিকারিকদের একাংশও কারচুপিতে যুক্ত ছিলেন। তবে শুভেন্দুর এহেন অভিযোগ অথবা গান্ধীবাদী কার্যকলাপ নিয়ে জয়েন্ট বিডিও কিছু বলতে চাননি। তিনি পরে শুধু বলেন, “বিডিও অফিসের ভিতর শুভেন্দু অধিকারী আসার পর তাঁকে বেশ কয়েকবার বসার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি ফুল-মিষ্টি দেওয়ার পরেই বেরিয়ে যান।”
লোকসভার আগে ফের চিটফান্ড তদন্তে গতি? ইডি-সিবিআই দফতরে যাবেন শুভেন্দু