
শেষ আপডেট: 20 March 2023 07:02
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে দিল্লি থেকে শনিবার জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় আপাতত জিতেন্দ্র আট দিনের পুলিশ হেফাজতে। কিন্তু এরমধ্যেই বড় স্বস্তি পেলেন আসানসোলের এই বিজেপি নেতা। সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে সোমবার।
আইনজ্ঞদের মতে, শীর্ষ আদালতের এই রায়ের পরে আর জিতেন্দ্রকে হেফাজতে রাখতে পারবে না আসানসোল পুলিশ। তাঁকে মুক্তি দিতে হবে। যাকে বিজেপি বলেছে, নবান্নের গালে সুপ্রিম কোর্টের থাপ্পড়। রাজ্য পুলিশকে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করিয়েছিল সরকার। এদিন সুপ্রিম কোর্ট যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে।
এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করে রেখেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র। কিন্তু তার শুনানি হওয়ার আগেই গত শনিবার দিল্লির উপকণ্ঠে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়াড়ির বিরুদ্ধেও মামলা রয়েছে কম্বল বিতরণ কাণ্ডে।
এখন দেখার এই মুক্তি পাওয়া নিয়ে আবার জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার।