দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherejee) শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে বলে খবর হাসপাতাল (Hospital) সূত্রে। তাঁর দেহে দু’টি ‘স্টেন্ট’ও বসানো হয়েছে। এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুব্রতবাবু।
গত ২৪ অক্টোবর থেকে হাসপাতালে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু সেসময় তাঁর শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ে। তাই এসএসকেএমের ডাক্তাররা কোনও ঝুঁকি নেননি। তড়িঘড়ি তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয় হাসপাতালে। উডবার্নের আইসিসিউ-তে ভর্তি হন পঞ্চায়েতমন্ত্রী। কার্ডিওলজি আইসিইউতে বাইপাপ সাপোর্টে রাখা হয় তাঁকে। অক্সিজেনের সাপোর্টও দিতে হয়।
এসএসকেএমের ডঃ সরোজ মণ্ডলের নেতৃত্ব একটি মেডিকেল টিম গঠন করা হয় সুব্রত মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য।চিকিৎসা চলাকালীন খানিক সুস্থ হয়ে উঠলে বাইপাপ সাপোর্ট খুলে দেওয়া হয়। তারপর এদিন অ্যাঞ্জিওগ্রাফির পর করা হল অ্যাঞ্জিওপ্ল্যাস্টি।
এসএসকেএম সূত্রের খবর, ভাল আছেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।