
শেষ আপডেট: 23 July 2023 13:11
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: খাবারের মধ্যে বিষ মিশিয়ে পাঁচ পথকুকুরকে (Street Dog Killed) মেরে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রানাঘাটের (Ranaghat) রায়নগর এলাকায়।
বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে একের পর এক পথকুকুরের বিষক্রিয়ায় মৃত্যু হচ্ছিল। এই ভাবে পাঁচটি কুকুর মারা যায়। তাতে সন্দেহ দানা বাঁধে। অভিযোগ, এলাকার এক ব্যক্তি তপন মণ্ডলই এই কাণ্ড ঘটিয়েছেন। কারণ, রাস্তা দিয়ে হেঁটে গেলেই ওই ব্যক্তিকে দেখে কুকুরগুলি চিৎকার করত। এই নিয়ে বিরক্ত ছিলেন তপন।
এই ঘটনার প্রেক্ষিতে রানাঘাট থানায় অভিযুক্ত তপন মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কর্মকার পাড়ার বাসিন্দা সজল কর্মকার নামে এক ব্যক্তি।
এদিকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন তপন মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
ফোন করে উপপ্রধানের কাছে সাহায্য চাইল পথকুকুর! পঞ্চায়েত অফিসে আটকে পড়েছিল