দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: কলকাতা নিয়ে আসার পথে মৃত্যু হল ঝাড়গ্রামে গুলিবিদ্ধ যুবকের। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম পুরসভার দু’নম্বর ওয়ার্ডে বাছুরডোবা ইয়ং ইলেভেন ক্লাবের মাঠে ঝাড়গ্রাম প্রিমিয়র লিগের খেলা চলছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ দর্শকরা যেখানে বসেছিলেন সেখান থেকে গুলির শব্দ পেয়ে চমকে ওঠেন সবাই। দর্শকাসনে গুলি লেগে তখন মাটিতে পড়ে ছটফট করছেন এক যুবক। পরে জানা যায় তাঁর নাম শেখ তকবির আলি (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, আততায়ী দুটি গুলি ছোড়ে। একটি গুলি লাগে তাঁর পায়ে, অন্যটি কানের পাশে।
আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই যুবককে কলকাতায় রেফার করেন ডাক্তাররা। কলকাতা নিয়ে আসার পথে মারা যান শেখ তকবির। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় রাধানগর গ্রামে। সেখানকার যুবকরা চড়াও হয় পাশের এলাকা বাছুরডোবায় আততায়ীর বাড়িতে। বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মানুষের। ওই যুবকের বাড়ির সামনে ঝাড়গ্রাম-মেদিনীপুর সড়ক অবরোধ করেন রাধানগর গ্রামের বাসিন্দারা । তাঁদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। অভিযুক্ত যুবক এনভিএফএ কর্তব্যরত বলে জানা গেছে। এলাকাবাসী অভিযোগ করেন এরআগেও মারধরের একাধিক ঘটনায় নাম জড়িয়েছিল ওই যুবকের।
তকবিরের ভাই পুলিশকে জানান, যে যুবক গুলি চালিয়েছে তার সঙ্গে পুরোনো শত্রুতা ছিল তাঁদের। গুলি চালানোর জন্য তৈরি হয়েই সে মাঠে এসেছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে দিনের আলোয় ক্রিকেট খেলা চলাকালীন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।