দ্য ওয়াল ব্যুরো: ফের করোনা নিয়ে গুজব ছড়ানোয় একজনকে পাকড়াও করল পুলিশ। ধৃত যুবকের নাম বাপন আলি। বাড়ি নিউটাউনের পাথরঘাটায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভুল বার্তা ছড়ানোয় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টেকনো সিটি থানার পুলিশ।
থানার আধিকারিকরা জানান, বিভিন্ন জায়গা থেকে তাঁরা ফোন পাচ্ছিলেন নিউটাউনের একটি আবাসনে ছ’জনের করোনা হয়েছে। এমন একটা মেসেজে নাকি দু’দিন ধরে ঘুরছে বিভিন্নজনের হোয়াটসঅ্যাপে। সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। মঙ্গলবার গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় বাপন আলি নামে ওই যুবককে।
গত ১৮ মার্চ করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল আলিপুরদুয়ারের এক শিক্ষিকার বিরুদ্ধে। আলিপুরদুয়ার শহরের সূর্যনগর এলাকার বাসিন্দা ওই প্রাথমিক স্কুল শিক্ষিকাকে শহরে একজন করোনা আক্রান্ত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে অভিযোগ। সম্পূর্ণ মিথ্যে এই তথ্য নজরে আসার পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে স্বাস্থ্যদফতর। তারপরেই তাঁকে নোটিস পাঠায় পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হয়ে জামিন নেন ওই শিক্ষিকা।
করোনা নিয়ে আতঙ্কিত মানুষ। এই ধরণের গুজব সেই আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। তাই সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে কোনও ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না তা নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।