করোনা আক্রান্তের খোঁজে খড়্গপুরে ট্রেন থামিয়ে সমস্ত যাত্রীকে নামানো হল
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : করোনায় আক্রান্ত এক রোগী রয়েছেন, এই খবর পেয়ে দাঁড় করিয়ে দেওয়া হল ট্রেন। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি চলল ওই যাত্রীকে। নাম ধরে প্ল্যাটফর্মে ঘোষণাও করা হল। তবুও আক্রান্ত যাত্রীকে চিহ্নিত করতে না পেরে ট্রেন থেকে
শেষ আপডেট: 20 March 2020 10:10
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : করোনায় আক্রান্ত এক রোগী রয়েছেন, এই খবর পেয়ে দাঁড় করিয়ে দেওয়া হল ট্রেন। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি চলল ওই যাত্রীকে। নাম ধরে প্ল্যাটফর্মে ঘোষণাও করা হল। তবুও আক্রান্ত যাত্রীকে চিহ্নিত করতে না পেরে ট্রেন থেকে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখা হল অন্যান্য যাত্রীর। তাতেও ফল হল না কোনও। খোঁজ মিলল না করোনা আক্রান্ত যাত্রীর। অবশেষে প্রায় ৪০ মিনিট পর গন্তব্যের দিকে রওনা দিল ট্রেন।
শুক্রবার বেলা ১টা ৪০ মিনিট নাগাদ খড়্গপুর স্টেশনে ঢোকে ডাউন বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। তার আগেই রেলের কাছে খবর আসে ওই ট্রেনে অসমে ফিরছেন করোনা আক্রান্ত এক ব্যক্তি। তাঁর নামও জানতে পারেন রেল কর্তৃপক্ষ। সাড়া পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। করোনা আক্রান্ত ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে কোয়ারেন্টাইনে পাঠানোর সমস্ত ব্যবস্থা করা হয় রাতারাতি। ট্রেন খড়্গপুরে ঢুকতেই চলে আসেন রেলকর্মীরা। কিন্তু বহু খুঁজেও ওই যাত্রীকে পাননি তাঁরা। বাধ্য হয়ে ট্রেনের সমস্ত যাত্রীর পরিচয়পত্র খতিয়ে দেখা শুরু করেন রেলকর্মীরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই প্রক্রিয়া।
খড়্গপুর স্টেশনের ম্যানেজার বীরেন্দ্রকুমার পন্ডা বলেন, “ওই যাত্রীর নাম ধরে অনেকবার ঘোষণা করা হয়েছে। কিন্তু কেউ এগিয়ে না আসাতেই সব যাত্রীর পরিচয়পত্র খতিয়ে দেখি আমরা। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কেউ যদি এভাবে সবার মধ্যে মিশে থাকেন তাহলে তো তা মারাত্মক। কিন্তু ওই যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।”
এরপরে গোটা ট্রেন জীবাণুমুক্ত করে রেল। তারপর গুয়াহাটির দিকে রওনা দেয় ট্রেন। অন্যদিন খড়্গপুর স্টেশনে ২ মিনিট দাঁড়ায় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। এ দিন ট্রেন ছাড়ে প্রায় ৪০ মিনিট পরে।