দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে।
শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ডাউন যোধপুর এক্সপ্রেস। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জিআরপি সেই ট্রেনে তল্লাশি চালায়। জেনারেল কম্পার্টমেন্টের তিনজনের কাছ থেকে তিনটি চটের বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করে রেলপুলিশ।
ধৃত পল্টু পাঞ্জারি, শত্রুঘ্ন পাঞ্জারি ও নির্মলা পাঞ্জারি উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা বলে জানা গেছে। সুলতানপুর থেকেই কচ্ছপ নিয়ে আসছিল তারা। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশে অনেক সস্তায় কচ্ছপ পাওয়া যায়। কিন্তু এই রাজ্যে কচ্ছপের দাম বেশি। তাই মোটা টাকা লাভের সুযোগ থাকে। ধৃতদের কাছে থাকা বড় চটের বস্তা খুলতেই ৯২ টি কচ্ছপ নজরে আসে। স্থানীয় বাজারে বিশেষ করে উত্তর ২৪ পরগনায় এই কচ্ছপের চাহিদা রয়েছে।
ধৃতরা বাংলাদেশেও এই কচ্ছপ পাচার করে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদেরকে হাওড়া কোর্টে তোলা হয়। বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলির সবই সফট শেল গ্যাঞ্জেটিক টারটলস। হাওড়া জেলা বন দফতরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলিকে। এরপরেই এগুলিকে পাঠালো সল্টলেকের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে।