দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে নিউ জলপাইগুড়ির কাছে টি পার্কে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা। সেই বিক্ষোভই মারমুখী হয়ে ওঠে অচিরেই। চা রফতানির এই ড্রাই পোর্টটি বিক্ষোভকারীরা ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। অশান্তি চলাকালীন গুলি চলে বলেও অভিযোগ। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে লাগোয়া এলাকাতেও পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
অভিযোগ দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির টি পার্ক ড্রাই পোর্টে শ্রমিক নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছেন আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায় ও তাঁর অনুগামীরা। কিন্তু টি পার্কের ব্যবসায়ীদের যুক্তি, অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে কাজ হয় সেখানে। তাই স্থানীয় অদক্ষ শ্রমিকদের নিয়োগের সুযোগ কম। এই নিয়ে টানাপড়েন চলাকালীন বৃহস্পতিবার সকালে সেখানে ফের বিক্ষোভ শুরু করেন আইএনটিটিইউসি-র কর্মী সমর্থকরা। তাঁরা দাবি তোলেন, স্থানীয়দের নিয়োগে গুরুত্ব দিতে হবে। অচিরেই শুরু হয় তাণ্ডব।
পার্ক কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা অফিসে ঢুকে ল্যাপটপ কমপিউটার সমস্ত ভেঙে ফেলে। নষ্ট করে দেয় নথিপত্র। তাদের তাণ্ডবে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পার্কের কর্মীরা। গোটা এলাকা কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী চার রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে পাল্টা অভিযোগ পার্ক কর্তৃপক্ষেরও।
বেশ কিছুক্ষণ তাণ্ডব চলার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে শিলিগুড়ির নেতাজী মোড় এলাকায়। সেখানেও পথ অবরোধ করেন আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা। এলাকায় তীব্র যানজট তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, নিয়োগ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনাতেও বসতে তারা রাজি বলে জানিয়েছিলেন। কিন্তু তাতে আমল দেয়নি বিক্ষোভকারীরা। কোম্পানির ভিতর ঢুকে লক্ষাধিক টাকার সম্পত্তি ভাঙচুর করে।
শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়ের পাল্টা বক্তব্য, ‘‘এই কর্তৃপক্ষ বাইরে থেকে লোক এনে কাজ করাচ্ছে। দু’বার আশ্বাস দিয়েছিল আলোচনায় বসার। কিন্তু কোনও আলোচনা করেনি। তাই ক্ষুব্ধ হয়ে আজ ভাঙচুর চালায়।’’