দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে ভাঙচুর করা হল শুভেন্দু অধিকারীর অফিস। অভিযোগ অফিসে থাকা আসবাবপত্র, মোটরবাইক ভাঙচুর করা হয়। অফিস থেকে ছুটে পালিয়ে কোনও রকমে প্রাণ বাঁচান ওই অফিসের কর্মীরা। বিজেপির সভার জন্য লাগানো ব্যানার ফেস্টুনও ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার নন্দীগ্রামের কেন্দুয়াতে যেখানে শুভেন্দু অধিকারীর সভা হয়েছিল সেখান থেকে ঢিল ছোড়ার অভিযোগ করছিল তৃণমূল। একই সঙ্গে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে শনিবার এলাকায় মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকেই শুভেন্দু অধিকারীর অফিসে হামলার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
শুভেন্দু অনুগামী নেতা কণিষ্ক পণ্ডা বলেন, ‘‘আমাদের পার্টি অফিসে ঢুকে তুলকালাম করে তৃণমূলের কর্মী সমর্থকরা। সমস্ত আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা। ব্যানার হোর্ডিং সব পুড়িয়ে দিয়েছে। মোটরবাইকগুলিকে ভেঙে পুকুরে ফেলে দেয়। আমরা পুলিশে অভিযোগ জানাবো।’’
অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি শেখ সুফিয়ান বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমাদের দল কোনওভাবেই জড়িত নয়। বরং ওরাই কাল আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দিয়েছিল। আজ যেটা হয়েছে ওদের নতুন-পুরনোর লড়াই।’’