দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম : হাতির হানায় মৃত্যুর ঘটনা অব্যাহত জঙ্গলমহল জুড়ে। বুধবার হাতির হানায় মৃত্যু হয় বেলপাহাড়ি রেঞ্জের জোড়কদা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম লেপা মান্ডি (৬০)।
বুধবার ভোরে বাড়ির বাইরে শৌচাগারে গিয়েছিলেন তিনি। সে সময় তাঁর বাড়ি পাশের জঙ্গলে প্রায় ৮ থেকে ১০ টা হাতির একটি দল ছিল। তার মধ্যে একটি হাতি দলছুট হয়ে এসে ওই ব্যক্তিকে সমানে পেয়ে তুলে আছাড় মারে।ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই নিয়ে গত ১৫ দিনে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল তিনজনের। গত মাসের ২৭শে ডিসেম্বর মানিকপাড়া রেঞ্জের লাওড়িয়ার কাছে গোবিন্দপুর জঙ্গলে টিয়াকাটি থেকে মোরগ লড়াই দেখে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হয় রবি মাহাত ( ৫০) নামে এক ব্যক্তির। ২৩শে ডিসেম্বর বিনপুর থানার সারেঙ্গাগুলি গ্রাম লাগোয়া জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয় বছর ২৭ এর যুবক বৈদনাথ হেমব্রম নামে এক যুবকের ।
ঝাড়গ্রাম জেলায় মোট তিনটি বন বিভাগ রয়েছে। এগুলি হল ঝাড়গ্রাম বনবিভাগ, খড়গপুর বনবিভাগ এবং মেদিনীপুর বনবিভাগ।
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হৈলাইচি বলেন, ‘‘বেলপাহাড়ি রেঞ্জে হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতি পূরণ দেওয়া হবে।’’
শীতের মরসুমে প্রতিবছরই হানা দেয় হাতির পাল। ফসলের লোভে তোলপাড় করে খেত। খাবারের লোভে হানা দেয় বাড়িঘরেও। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চলের শাখাভাঙা, গোপালপুর, জামশোল এলাকায় প্রায় ৩০ টি হাতির পাল তাণ্ডব চালায়। নছিপুর পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর, করঞ্জিমুড়া, কোটপুরা-সহ আশপাশের এলাকায় একাধিক ঘর ভাঙে হাতির পাল। ঘরবাড়ি ভাঙচুর করে বাড়িতে থাকা ধান সহ একাধিক জিনিস নষ্ট করে হাতির পালটি।