দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরও একজন। বুধবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার লালকুড়ি এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। আহত ব্যক্তিকে প্রথমে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মৃত দুই বাইক আরোহীর নাম মিথুন পাল(৩০) ও ঋষি পাল(৩২)। ঘাতক লরিসহ চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোয়ালপোখরের লোধন থেকে কাজ সেরে একই মোটরবাইকে চাপড়া বাখারি এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন তিন যুবক। লালকুড়ি এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে তাঁদের মোটরবাইকের সংঘর্ষ হয়। তীব্র গতিতে আসা লরির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়েন তিন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মিথুন পাল ও এক আরোহী ঋষি পালের। গুরুতর জখম অবস্থায় অপর এক বাইক আরোহীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ওই যুবকের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটির খোঁজ চলছে। রাতের অন্ধকারে তীব্র গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই ওই মোটরবাইকটিকে লরিটি ধাক্কা মারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
দুর্ঘটনার খবর পেয়ে শোকে কাতর হয়ে পড়েন চাপড়া বাখারির মানুষ। তাঁরা জানান, প্রতিদিন কাজের জন্য লোধনে যান ওই তিনজন। কাজ সেরে বাড়ি ফিরতে রাত হয় তাঁদের। কিন্তু এমন মর্মান্তিক পরিণতির জন্য প্রস্তুত ছিলেন না কেউই।