দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করল দুর্বৃত্তরা। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসতেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুজন। প্রাণ ও সম্মান বাঁচাতে এক দুর্বৃত্তের জিভ ছিঁড়ে নিয়েছেন ওই বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাহারপুর গ্রাম পঞ্চায়েতের শাঁখেরপাড়ায় একটি মাঠের পাশে টিন দিয়ে তৈরি দরমার ঘরে দীর্ঘদিন ধরেই বাস করেন ওই বৃদ্ধা। ভিক্ষাবৃত্তি করে পেট চালাতেন তিনি। রবিবার রাতে ওই এলাকার বাসিন্দা রকি মহম্মদ ও ছোট্টু মহম্মদ নামে দুই দুষ্কৃতী বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তিনি চিৎকার করলে তাঁকে প্রচন্ড মারধর করে তাঁর মুখে চেপে ধরতে গেলে প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধা রকি মহম্মদের জিভ কামড়ে ছিঁড়ে নেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসতেই অন্ধকারের সুযোগ নিয়ে দুজন পালিয়ে যায়।
শরীরে আঘাত থাকায় পড়শি ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা মিলে ওই বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁকে ভর্তি করার পর শুনতে পান জিভ কাটা অবস্থায় এক যুবকও সেখানে চিকিৎসাধীন। স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত রায় বলেন, ‘‘খবর পেয়ে আমি এসে শুনি বৃদ্ধাকে ধর্ষণ করতে এসেছিল এই এলাকারই দুই যুবক। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ওই বৃদ্ধাকেও হাসপাতালে নিয়ে আসা হয়।
এলাকার বাসিন্দা নারায়ণ সরকার বলেন, ‘‘বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছিল ওই দুই যুবক। উনি প্রাণে বাঁচতে রকির জিভ কামড়ে ছিঁড়ে নেন। ওদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে। ওদের উপযুক্ত শাস্তি চাই।’’ জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।