দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মহিলারা নন, দশমীর দিন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। প্রাচীন এই রীতি এখনও চলে আসছে তেঁতুলতলার পুজোয়।
আচার-জাঁকজমক পরিবর্তন এসেছে সবেতেই। তবে কয়েকশো বছর ধরে চলে আসা পুরুষদের দেবীবরণের ঐতিহ্য এখনও বজায় রয়েছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণে।
কথিত আছে, একসময় ভদ্রেশ্বরের এই পুজো ছিল শূর পরিবারের। পরিবারের পূর্ব পুরুষ দাতারাম শূরের পরবর্তী প্রজন্ম এই পুজোর ব্যয়ভার বহন করতে পারছিলেন না। তখন থেকেই বারোয়ারি রূপ নেয় এই পুজো। বাড়ির পুজোয় দশমীর দিন মহিলারা দেবীবরণ করতেন। কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে বারোয়ারি পুজোর প্রাঙ্গনে গিয়ে দেবীবরণের কথা সে সময় ভাবতেই পারতেন না মহিলারা। কিন্তু এতদিনের বরণপ্রথা! সে কি বন্ধ হয়ে যাবে?
তখনই এগিয়ে আসেন পুরুষরা। মহিলাদের মত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে দেবীকে বরণ করা শুরু করলেন এলাকার পুরুষরা। সেই থেকে আজও এই প্রথা আজও চলে আসছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রাঙ্গনে। দশমীর দিন সকালবেলা ঢাকের তালে তালে এলাকার পুরুষরা যখন মহিলা বেশে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে মাকে বরণ করেন সে এক অভিনব দৃশ্য।
এই বরণ দেখার জন্য শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও প্রচুর মানুষের সমাগম হয় শতাব্দী প্রাচীন এই তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার পুজোর জৌলুস যেমন অনুপস্থিত, তেমনি দেবীবরণ দেখার নজরকাড়া এবার ভীড়ও নজরে আসেনি। তবে রীতি রক্ষা হয়েছে প্রথা মেনেই।