দ্য ওয়াল ব্যুরো, মালদহ: জাতীয় সড়কে অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি চাকার মাদক উদ্ধার করল জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মান্না শেখ ও সরিফ শেখ। মান্না শেখের বাড়ি বাবরবোনা গোলাপগঞ্জে। সরিফ শেখ শেরশাহী আলিপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৭ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে।
জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জাতীয় সড়কে তল্লাশি অভিযান করে পুলিশ। ওই দুই পাচারকারী কাটিহার থেকে লরিতে করে ব্রাউন সুগার নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কালিয়াচকের দিকে যাচ্ছিল। লরিটিকে আটক করে তল্লাশি চালাতেই চালকের আসনের পেছন থেকে ব্যাগ ভর্তি এই ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ ৩ কেজি ৩৭গ্রাম। যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকার ওপরে।
পুলিশ সুপার বলেন, এই বড় মাপের মাদক পাচার কেবল এই দু’জনের কাজ নয়। বড়সড় চক্র জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তাদের খোঁজ পেতেই ধৃতদের জেরা করা হবে। আদালতে পেশ করে দু’জনকেই রিমান্ডে নেওয়া হয়েছে।