দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর। এই ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ।
সোমবার ফুল তুলতে গিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়ির বাগজান গ্রামে তড়িতাহত হয় চন্দনা বর্মন (১২) নামে এক কিশোরী। পরে তার মৃত্যু হয়। এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। অভিযোগ, দোমহনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসিত চন্দ্রর বাড়ির বাগানে কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় চন্দনা।
চন্দনার বাড়ির লোকের অভিযোগ, গত রবিবার তাঁর বাড়িতে ফুল তুলতে যাওয়া শিশুদের তিনি ধমক দিয়ে বলেছিলেন ফুল গাছে তিনি বিদ্যুৎ সংযোগ করে রাখবেন। কেউ ফুল তুললেই সে বিদ্যুৎস্পৃষ্ট হবে। এলাকাবাসীর অভিযোগ, সেই মোতাবেক ওই পঞ্চায়েত সদস্য বাড়ির বাগানের ফুল বহিরাগত কেউ যাতে তুলতে না পারে তার জন্য বাগানে বিদ্যুৎ এর তার ছড়িয়ে রেখেছিলেন।
চন্দনার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। আগামী দশ তারিখ পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায়।
মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে এসে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অনিন্দিতা রায় দাস।