দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বিস্ফোরণে মৃত টোটো চালকের পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতের নাম ইলিয়াস শেখ। বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ শহরের ঘোড়াপীর এলাকায় প্রবল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। মাথা উড়ে গিয়ে পড়ে পাশের একটি বাড়ির ছাদে। শরীরের বিভিন্ন অংশ ছিটকে পড়ে রাস্তার চারিদিকে। পাশাপাশি বিস্ফোরণে ঝলসে যায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ির দেওয়াল। টোটোটিও ছিন্নভিন্ন হয়ে যায়।
সার্বিক পরিস্থিতি ও বিস্ফোরণের ভয়াবহতা দেখে অনেকেই সন্দেহ করছেন বিস্ফোরক ছাড়া এত বড় বিস্ফোরণ সম্ভব নয়। যদিও গতকাল পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে টোটোর দু’টি ব্যাটারি থেকেই এই বিস্ফোরণ।
বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি সাংসদ খগেন মূর্মূ দাবি করেন, ব্যাটারি থেকে নয়, বারুদ বা বিস্ফোরক থেকেই বিস্ফোরণ হয়েছে। এই বিষয়ে পুর্ণ তদন্তের দাবি করেন তিনি। টোটো বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্ত দাবি করেন বিজেপির সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এই টোটো বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্ত হলে অনেক তথ্য বেরিয়ে আসবে। কালিয়াচকে দেশ বিরোধী কার্যকলাপ সংগঠিত হচ্ছিল। টোটো বিস্ফোরণের ঘটনার প্রকৃত তদন্ত হলে অনেক তথ্য বেরিয়ে আসবে।’’
অপরদিকে মৃত টোটো চালকের ভাই আতিউর রহমন ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে শুক্রবার ফরেনসিকের একটি দল ঘটনাস্থলে তদন্তে আসবে।
বুধবার তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে মালদহ শহর। পথচলতি একটি টোটোতে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পৌঁছন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ অন্য পদস্থ কর্তারাও।শুরু হয় তদন্ত। অলোক রাজোরিয়া জানান, ‘‘বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। টোটোতে থাকা ব্যাটারি কোনও কারণে ব্লাস্ট হয়েছে বলে মনে হচ্ছে। কারণ ব্যাটারি ব্লাস্ট হওয়ার কিছু নমুনা ঘটনাস্থলে পাওয়া গেছে।’’