শেষ আপডেট: 20 March 2020 12:29
পর্যটকরা পাহাড় ছাড়তে কিছুটা হলেও স্বস্তিতে পাহাড়বাসী। দার্জিলিংয়ের বাসিন্দা অরুণ শর্মা বলেন, ‘আমরা পর্যটকদের স্বাগত জানাতে চাই। এটা পর্যটনের মরসুম। পর্যটকরা না এলে আমাদেরই ক্ষতি। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। তাই সবার নিরাপত্তাকেই আমরা অগ্রাধিকার দিতে চাই।”
অন্যদিকে পাহাড়ের বাসিন্দা, যাঁরা রুটিরুজির জন্য পাহাড়ে থাকেন না, তাঁরা অনেকেই পাহাড়ে ফিরতে শুরু করেছেন। এদের জন্য শিলিগুড়ির কাছে শিমূলবাড়িতে পাহাড়ে ওঠার মুখে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। তবে সময় বেশি লাগছে বলে অনেকে ঘুরপথে স্ক্রিনিং এড়িয়ে পাহাড়ে উঠে যাচ্ছেন বলে অভিযোগ। জিটিএ ও জেলা প্রশাসনের তরফে পাহাড়ে ওঠার আগে সবাইকে স্ক্রিনিং করাতে বলা হয়েছে।
এ দিকে সমতলে বিদেশফেরতদের নিয়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়াচ্ছে প্রতিদিনই। শুক্রবার শিলিগুড়ির ভারতনগরে স্পেন থেকে ফিরে এক মহিলা কোয়ারান্টাইনে যেতে অস্বীকার করায় উত্তেজনা ছড়ায়। এমনকী স্বাস্থ্যকর্মীদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতেও তিনি অস্বীকার করেন বলে অভিযোগ। পরে অনেক বুঝিয়ে রাজি করানো হয় তাঁকে। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় জার্মানি থেকে ফেরত আসা এক দম্পতিকে ঘিরেও আতঙ্ক ছড়ায়। ওই দম্পতি অবশ্য স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজি হন।