দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: জেলায় কমছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে। এই অবস্থায় সামান্য লক্ষণ থাকা রোগীদের জন্য আয়ুশ করোনা হাসপাতালের অধীন তাঁতিগেড়িয়া এলাকায় বিশেষ ভবঘুরে আবাসনে যে স্যাটেলাইট হেলথ ফেসিলিটি চালু করা হয়েছিল তা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।
জানা গেছে গত ১৫ দিন ধরে এই সেন্টারে কোন রোগী নেই। তাই জেলা প্রশাসন আপাতত সেন্টারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। ওই সেন্টারে কর্মরত চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যেতে বলা হয়েছে।
২১ নভেম্বর থেকে এই সেন্টার বন্ধ রাখা হচ্ছে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল নির্দেশিকা জারি করেছেন। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসন ও অন্যান্য আধিকারিক, যাঁরা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলাশাসকের অনুমতি পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল বলেন, ‘‘গোটা জেলাতেই প্রত্যেকটি করোনা হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে। তার ফলে অতিরিক্ত চাপ যেটা ওই সেন্টারে গিয়ে পড়তো তা আর নেই। তাই আপাতত ওই সেন্টারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিছু আসবাবপত্র থাকায় নিরাপত্তার বন্দোবস্ত থাকছে। জেলায় বৃহস্পতিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ জন, জেলার করোনা হাসপাতালগুলিতে ভর্তি ৪৮ জন। এখনও পর্যন্ত জেলায় এক লক্ষ ৭২ হাজার জনের টেস্ট হয়েছে। মৃত্যুর হার এক দশমিক পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২২৫ জনের ।