
শেষ আপডেট: 13 January 2021 15:30
জন্মের পর বাচ্চাটি সুস্থ ছিল বলে জানিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু মঙ্গলবার রাত থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে বাচ্চাটির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তখন পরিবারের লোকজন নার্সদের কাছে শিশুর অসুস্থতার কথা জানান। কর্মরত নার্সরা জানান, ডাক্তারবাবু ন’টার সময় আসবেন তখন দেখবেন। অভিযোগ উঠছে বারবার অনুরোধ করেও শিশুটির চিকিৎসার ব্যবস্থা হয়নি তখন। আজ সকাল সাতটার সময় শিশুটির খুব বাড়াবাড়ি হলে, ছেলেকে কোলে নিয়ে নার্সদের কাছে যান শিশুর বাবা সুশান্ত দাস। তখন শিশুর বাবাকে জানানো হয় শিশুটি মারা গিয়েছে। এরপরই পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
পূর্ণিমা বলেন, ‘‘জন্মের পর থেকেই আমার বাচ্চাটি ভালো ছিল। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা বারবার নার্সদের ও হাসপাতাল কর্মীদের অনুনয় বিনয় করি একটু দেখার জন্য। শুধুমাত্র সময়ে চিকিৎসার না হওয়াতেই মারা গেল আমার বাচ্চা।’’ শিশুর বাবা সুশান্ত দাস জানান, হাসপাতালের গাফিলতির জন্যই তাঁর সন্তান মারা গেছে। এ বিষয়ে তাঁরা ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।