দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: করোনাভাইরাস রুখতে জমায়েত নিষিদ্ধ গোটা দেশে। সেটাই বোঝাতে গিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী। তারই জেরে ইট দিয়ে থেঁতলে দেওয়া হল তাঁর মাথা। বাঁচাতে গিয়ে জখম হলেন তাঁর ছেলেও। দুজনকেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির চারদিকে মশা মারার স্প্রে করছিলেন কালনার পাণ্ডুয়া মোড়ের বাসিন্দা খন্দকার মোশারফ হুসেন। কেন তিনি বাড়ির বাইরে কীটনাশক ছড়াচ্ছেন তা নিয়ে প্রথমে আপত্তি জানান তাঁরই প্রতিবেশী কয়েকজন। কিছু লোক তখন ভিড় করেন সেখা্নে। করোনার জন্য যে কোনও জায়গাতেই এখন জমায়েত নিষিদ্ধ। তাই বাড়ির সামনে ভিড় করতে বারণ করেন মোশারফ হুসেন। তাই নিয়েই শুরু হয় বিবাদ।
অভিযোগ, এরপরেই কিছু লোক ইট নিয়ে এসে চড়াও হয় ওই ব্যক্তির উপর। মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। বাবাকে বাঁচাতে এসে মারধরে জখম হন তাঁর ছেলেও। পরে কালনা হাসপাতালের শয্যায় শুয়ে মোশারফ বলেন, ‘‘করোনাভাইরাস রুখতে এখন ভিড় করা বারণ। সরকারি নির্দেশ মেনেই আমি বাড়ির সামনে ভিড় সরানোর কথা বলেছিলাম। তাতেই আমার উপর এই আক্রমণ।’’
কালনা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।