.webp)
শেষ আপডেট: 8 December 2023 10:36
দা ওয়াল ব্যুরো: শীতকাল মানে ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম গন্তব্য পাহাড়। সামনে বড় দিন। দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক স্পটে যেতে তৈরি পর্যটকরা।
অনেকেরই ট্রেনের টিকিটও কাটা ছিল। কিন্তু আগামীকাল শনিবার থেকে টানা দু সপ্তাহ একাধিক ট্রেন চলবে না উত্তরবঙ্গের রুটে। বীরভূমের চাতরা থেকে মুরারই পর্যন্ত থার্ড লাইনের কাজের জেরে উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।
স্বাভাবিকভাবে বিপদে পড়েছেন পর্যটকরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় তাঁরা কীভাবে উত্তরবঙ্গে পৌঁছবেন তা নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। বিষয়টি জানা মাত্রই বড়দিনের আগে পর্যটকদের পাহাড়ে পৌঁছে দিতে বাড়তি উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
শিলিগুড়ি কলকাতা ও আলিপুর কলকাতা রুটে অতিরিক্ত দশটি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। এর ফলে পর্যটকরা যেমন উপকৃত হবেন তেমনই উত্তরের জেলা গুলি থেকেও যাঁরা কলকাতায় আসতে চান তাঁরাও উপকৃত হবেন।
এনবিএসটিসি সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচটি এবং একইভাবে শিলিগুড়ি থেকেও পাঁচটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিয়মের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "ডিসেম্বর মানেই ভ্রমণ পিপাসু বাঙালির পাহাড় ভ্রমণ। এক্ষেত্রে একাধিক ট্রেন দু' সপ্তাহের জন্য বাতিল থাকায় আমরা শিলিগুড়ি কলকাতা ও আলিপুরদুয়ার কলকাতার মধ্যে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।"
এনবিএসটিসি সূত্রের খবর, নতুন ৩১টি বাস রয়েছে। পর্যটকদের সুবিধার্থে তার মধ্যেই ১০ জোড়া বাস চালানো হবে। স্বভাবতই খুশী পর্যটকরা।
তাঁদের কথায়, "ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল। হোটেলও আগে থেকে বুক করা রয়েছে। শেষ মুহূর্তে দু'সপ্তাহের জন্য ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় কীভাবে উত্তরবঙ্গে পৌঁছব, তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। রাজ্য অতিরিক্ত বাস চালানোয় শেষমেশ ঘুরতে যাওয়াটা হবে।"