দুয়ারে রেশন মামলায় আদালতে স্বস্তি রাজ্যের
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে রেশন (Duyare Ration) মামলায় আদালতে স্বস্তি পেল রাজ্য সরকার (State Govt)। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে (Highcourt) মামলা রুজু করেছিল কয়েকজন রেশন ডিল
শেষ আপডেট: 15 September 2021 06:38
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে রেশন (Duyare Ration) মামলায় আদালতে স্বস্তি পেল রাজ্য সরকার (State Govt)। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে (Highcourt) মামলা রুজু করেছিল কয়েকজন রেশন ডিলার। বুধবার তৃতীয় শুনানিতে বাদী-বিবাদী পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে রাজ্য সরকার দুয়ারে রেশন নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তাতে আর বাধা রইল না!
আরএস ভাইরাসে কি আক্রান্ত শিশুরা? ভাইরাল নিউমোনিয়া নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি ৬
একুশের ভোট ইস্তেহারেই তৃণমূল বলেছিল, এবার সরকারে এলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। কাউকে আর রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ভাইফোঁটার পর থেকেই দুয়ারে রেশন চালু হবে। সেপ্টেম্বরে একটি মহড়াও হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
রেশন ডিলারদের একটা অংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, এ ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা।
ডিলারদের বক্তব্য, বাড়ি গিয়ে রেশন দেওয়া আইন বিরুদ্ধ। সেই পরিকাঠামো রেশন ডিলারদের নেই। তা ছাড়া আইন অনুযায়ী রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন এটাই দস্তুর। বাড়ি গিয়ে রেশন দেওয়ার জন্য ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়ে সরকার। এই বিপুল খরচ তারা বহন করতে পারবেন না বলে আদালতে জানান ডিলাররা। পাশাপাশি এত লোকবল তাঁদের নেই বলেও হাত তুলে দেন।
পাল্টা রাজ্যের তরফে বলা হয়, রেশন প্রাপকের সুবিধার্থে রাজ্য সরকার আইন সংস্কার করতে পারে। এতে ডিলারের অধিকার ক্ষুন্ন হয়না। রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে ডিলাররা বাধ্য। সেই সঙ্গে নবান্নের তরফে আদালতে আরও বলা হয়, পরিবহণ এবং অন্যান্য খরচ বহন করতে রাজ্য সরকার সাহায্য করবে। এটা একটা পরীক্ষামূলক প্রকল্প, শুধু সেপ্টেম্বর মাসের জন্য। প্রকল্পের গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
সব শুনে এদিন ডিলারদের মামলা খারিজ করে দিয়েছে আদালত।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'