
শেষ আপডেট: 12 September 2023 08:04
দ্য ওয়াল ব্যুরো: সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) রক্ষাকবচ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে শুভেন্দু অধিকারীর ভাইকে। নোটিস দিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
গত ১৫ জুন এই মামলায় সৌমেন্দু অধিকারী সহ অন্যান্য অভিযুক্তদের রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। সেখানে রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, 'আবেদনকারীরা বলছেন তাঁদের বিরুদ্ধে ৯টা মামলা আছে, আর রাজ্য কীকরে বলছে ৫ টা?'
সৌমেন্দুর আইনজীবী সওয়াল করতে গিয়ে এদিন আদালতে জানান, 'এতদিন কোনও অভিযোগ ছিল না। যেই তাঁর মক্কেল দলবদল করলেন, তখনই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হল। আগামী দিনে এইভাবে নতুন মামলা করে হেনস্থার আশঙ্কা রয়েছে।' যা শুনে বিচারপতি বলেন, 'চাইলে এই আশঙ্কার কথা তুলে আলাদা মামলা করতে পারেন।'
এই মামলায় সৌমেন্দুর বাবা শিশির অধিকারীকে যুক্ত করার আর্জি জানানো হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। অর্থাৎ শিশির অধিকারীকেও রক্ষাকবচ দেওয়ার আবেদন জানানো হয়। আদালত তার পর্যবেক্ষণে বলে, 'যে সুযোগ পাওয়ার কথা সেটা সবার সঙ্গে আপনাকেও (সৌমেন্দু অধিকারী) দেওয়া হয়েছে। তাই এখানে আলাদা মামলা করার কোনও প্রয়োজন নেই।'
সওয়াল-জবাব শেষে বিচারপতি তাঁর নির্দেশে বলেন, আগামী তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল রাখা হল। এই সময়ের মধ্যে তদন্তের স্বার্থে নোটিস দিয়ে ডাকতে পারবে পুলিশ। তবে দিনে দু'ঘণ্টা ও মোট দু'দিনের বেশি একেকজনকে ডাকা যাবে না।
আরও পড়ুন: স্পেন যাওয়ার আগে প্রশাসনে বড় ঝাঁকুনি মমতার, আমলাতন্ত্রে বড় রদবদল, সম্মতি রাজ্যপালের