
শেষ আপডেট: 10 July 2022 03:08
দ্য ওয়াল ব্যুরো: সাপের কামড়েই (Snake) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁরা। চিকিৎসা চলছিল, ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন সকলে। কিন্তু সেই হাসপাতালেই ফের দেখা সাক্ষাৎ যমদূতের সঙ্গে। সাপে কাটা রোগীদের ওয়ার্ডেই সাপের হানা! কাটোয়া হাসপাতালে (Katwa Hospital) হুলস্থূল কাণ্ড বেঁধে গেছে।
জানা গেছে, কাটোয়া হাসপাতালের পুরুষ বিভাগে গত কয়েকদিন ধরে কয়েকজন সাপে কাটা রোগীর চিকিৎসা চলছিল। এদিন হঠাৎ তাঁদের সেই ওয়ার্ডেই নার্সদের টেবিলের ফাঁকে একটি সাপ দেখা যায়। এই ঘটনায় নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। আর রোগীরা তো ভয়ে একেবারে সিঁটিয়ে রয়েছেন।
হাসপাতালে সাপের আনাগোনার কথা জানাজানি হতেই পুরুষ ওয়ার্ডের রোগীরা কেউ আর বেড থেকে নামতে সাহস পাচ্ছেন না। রাতের বেলা তো দূরের কথা, দিনের আলোতেও বেডের বাইরে পা দিতে ভয় পাচ্ছেন তাঁরা। না জানি কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে সাপ! কখন সে আবার ছোবল বসিয়ে দেয় কারও পায়ে! আতঙ্কের প্রহর গুনছেন কাটোয়া হাসপাতালের রোগীরা।
পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্সরা জানিয়েছেন, তাঁদের টেবিলের ফাঁকে হঠাৎ একটি সাপ দেখা গেছে। ভয়ে তাঁরাও উল্টোদিকে টেবিল পেতে বসছেন। সাপটি সম্ভবত চিতিবোড়া প্রজাতির। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট টেবিলের ফাঁকে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে। তবু আতঙ্ক কাটছে না। মাঠে সাপের কামড় খেয়ে চিকিৎসার জন্য যাঁরা হাসপাতালে এসেছেন, তাঁদের ওয়ার্ডেই ফের সাপের হানা দেখা গেল, এতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে।
আরও পড়ুন: চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতা! চা বাগানের ধারে হুলস্থূল কাণ্ড