দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের গড়গড়িয়া গ্রামে গেছেন গায়ক শিলাজিৎ। মাঝেমাঝেই যান তিনি সেখানে। সেখানকার মানুষদের সঙ্গে মেশেন, থাকেন, কাজ করেন। 'লাল মাটির সরানে' যে তাঁর মন প্রায়ই পড়ে থাকে, তা সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা জেনে গেছেন এত দিনে। আজ, রবিবার, সেখান থেকেই একটি ভিডিও করে পোস্ট করেছেন তিনি। আর তাতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। কুর্নিশ জানিয়েছেন 'গুরু' শিলাজিৎকে।
ভিডিওটি তিনি করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশে। গায়কের সঙ্গে রয়েছেন গড়গড়িয়ার বাসিন্দা, সোনামণি রুজ। সোনামণি প্রসেনজিতের যাকে বলে 'ডাই হার্ড' ফ্যান। প্রিয়তম 'বুম্বাদাদা'কে একবার চোখের দেখা দেখার জন্য যা খুশি করতে পারেন। শিলাজিৎকে তিনি এতবার সে কথা জানিয়েছেন, যে শিলাজিৎ এবার সরাসরি প্রসেনজিতের দ্বারস্থ, সোনামণিকে সঙ্গে নিয়েই। মাধ্যমটি হল ফেসবুক।
ভিডিওয় দেখা গেছে, সোনামণির স্বাভাবিক কথা বলায় খানিক জড়তা রয়েছে। স্পষ্ট কথা বলতে পারেন না তিনি। কিন্তু যা বলেন, তা যে কতটা অন্তর থেকে বলেন, তা ভিডিওটি দেখলেই বোঝা যায়।
ভিডিওয় প্রথমে নিজের পরিচয় দেন শিলাজিৎ। তার পরিচয় করিয়ে দেন সোনামণি রুজের। শিলাজিৎ বলেন, "আমি এলেই সোনামণি আমায় তোমার কথা বলে খালি, তুমি শুনে দেখো। আমি জানি, তুমি অনেক বড়লোক, তোমায় ছোঁয়া যায় না। তুমি শোনো ওর মুখে, কী বলতে চায়।"
এর পরে সোনামণি বলতে থাকেন, "দাদা, তুমি এসো আমাদের গ্রামে, তোমায় দেখব, প্রণাম করব, ব্যস। সময় করে এসো তুমি।" শিলাজিৎ মজা করে বলতে থাকেন, সোনামণিকে তিনি মজা করে বলেন, 'বুম্বাদাকে এমন মার মেরেছি না...!' বলতে না বলতেই সোনামণি প্রতিবাদ করে ওঠেন, বলেন, বুম্বাদাদা আমার দাদা।
এর মাঝেই গ্রামের এক মহিলা বায়না করেন শিলাজিতের সঙ্গে ছবি তুলবেন বলে। তাঁকে থামিয়ে সোনামণির সঙ্গে কথা বলেন তিনি। মজা করে জিজ্ঞেস করেন, "সোনামণি কে তোর দাদা! আমি না বুম্বাদাদা!" সোনামণি বলে বসেন, "বুম্বাদাদা আগে।"
এর পরে ফের সোনামণি বলেন, প্রসেনজিৎ যেন একটিবার আসেন গড়গড়িয়া গ্রামে। শিলাজিৎও বলেন, "গুরু (প্রসেনজিৎ), তুমি একটু দেখো ব্যাপারটা, পারলে একবার সময় করে এসো।"
ভিডিওটি দেখে আনন্দে, আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। সরল, সাদাসিধে সোনামণির আর্তি যেন ছুঁয়ে গিয়েছে সকলকে। বুম্বাদার ফ্যান-ফলোয়াররাও কমেন্ট করেন, প্রসেনজিৎ যেন একটিবার দেখা করেন সোনামণির সঙ্গে। শিলাজিৎকেও কুর্নিশ করেন সকলে। মাটির কাছাকাছি পৌঁছে এভাবে এক অনুরাগিনীর বার্তা তাঁর হিরোর কাছে পৌঁছে দেওয়াকে খুবই প্রশংসার চোখে দেখেছেন সকলে। ধন্য ধন্য করেছেন গায়কের এই সহজ-সরল উদ্যোগকে।