
শেষ আপডেট: 30 December 2022 11:33
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়ি ফেরার সময়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ( Shootout ) চালাল দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয়েছে আক্রান্ত ব্যক্তির। ব্যবসায়ীর মৃত্যুকে ( Businessman Dead ) কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কালিয়াচকে ( Kaliachak )।
দুষ্কৃতীর গুলিতে ব্যবসায়ীর মৃত্যুতে শুক্রবার শোকাস্তব্ধ কালিয়াচক থানার শেরশাহী কোম্পানির টোলা এলাকা। পরিবার সূত্র জানা গিয়েছে, মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বছর বত্রিশের সোহেল শেখ। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন সোহেল। এক পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ওই পথচারী সৈয়দ তালিম জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় সোহেলকে পড়ে থাকতে দেখে তিনি ভেবেছিলেন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পরে বুঝতে পারেন তাঁর গুলি লেগেছে।
গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের উদাসীনতার কারণেই এলাকায় একের পর এক অপরাধ বাড়ছে। এদিকে রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল শেখ জানিয়েছেন, কাপড়, মাছ ও লেবার সাপ্লাইয়ের ব্যবসা করতেন সোহেল। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমাগত বেড়েই চলেছে। পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয়। ‘’যেভাবে একজন ব্যবসায়ীকে এদিন গুলি করে খুন করা হল, তাতে আমরা আতঙ্কিত। ওই যুবক ভালোমানুষ ছিলেন, তাঁর সঙ্গে কারওর কোনও শত্রুতা থাকতে পারে বলে আমার জানা নেই। যদিও ঘটনার কথা শুনে মনে হচ্ছে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। দ্রুত এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক।‘’
এদিকে সোহেলের স্ত্রী'র অভিযোগ, কয়েকদিন আগেই কোনও একজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। কিন্তু কে সেই ব্যক্তি তিনি নাম জানেন না। পুলিশ এঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে।
গঙ্গাসাগরে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী প্রশাসন, গণপরিবহণে থাকছে জিপিএস ট্র্যাকার