
শেষ আপডেট: 11 December 2022 11:53
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শিব মন্দিরের তালা ভেঙে চুরি ( Shiv Mandir Theft )! শান্তিপুরের ( Santipur ) কাশ্যপ পাড়া মোড়ে রয়েছে চামেলি ভট্টাচার্যদের বাড়ির শিব মন্দির। সেখানে থাকা সমস্ত দেবদেবীর মূর্তির সোনা-রূপোর লক্ষ্য টাকার গয়না লুঠ হয়েছে।
শহরের প্রাণকেন্দ্রে রাস্তার পাশে রয়েছে মন্দিরটি। সেখানে দোকানও রয়েছে। নিরাপত্তার জন্য নাইট গার্ডের ব্যবস্থা রয়েছে সেখানে। এদিন সেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন। তা সত্ত্বেও চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।
ভুল করে ৪২ কিমি দূরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান! সাংবাদিকদের সাহায্যে টেট দিলেন পর্ণা
রবিবার সকালে ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা পুলিশে খবর দেন। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে এসে দেখেন, বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লোহার গরাদ ভেঙে, সেই রড দিয়ে মন্দিরের তালা ভেঙে ছিল দুষ্কৃতীরা। সেখানে বেশ কয়েকটি জুতোর ছাপ দেখে পুলিশ এমন অনুমান করছে।
ভট্টাচার্য পরিবার জানিয়েছে, রাত বারোটা পর্যন্ত তাঁরা জেগেছিলেন, ভোর পাঁচটায় প্রথম তাঁরা লক্ষ্য করেন ঠাকুর ঘরের দরজা খোলা। অনেক কিছু দামি জিনিসপত্র বাড়ির বাইরে রাখা থাকে। কিন্তু কোনও দিন চুরির ঘটনা ঘটেনি। নিরাপত্তারক্ষী থাকাতেও চুরি হওয়ায় হতম্ভব হয়ে পড়েছেন তাঁরা। তবে এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে চুরির কিনারা করার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।