
শেষ আপডেট: 12 August 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: স্কুলজীবনে পরিচয়, তারপর প্রেম। দু'বছরের প্রেমের সম্পর্ক ছিল হাসিখুশি। কিন্তু কলেজ জীবনে গিয়ে কোথাও যেন সে সম্পর্কে ভাটা পড়েছিল। কলেজে উঠে প্রেমিকা অন্য কারওর সঙ্গে প্রেম করছে, এমন সন্দেহের বশে নিজেকে শেষ করে দিলেন নদিয়ার শান্তিপুরের এক কলেজ পড়ুয়া (Shantipur)।
জানা গেছে, রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্র পলাশ শীল। শনিবার সকালে নিজের ঘর থেকে পলাশের ঝুলন্ত দেহ উদ্ধার (College Student Suicide) করেন তাঁর বাড়ির লোকেরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পলাশকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের কথায়, প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেছেন পলাশ। দিন কয়েক ধরেই মনমরা থাকতেন, খাওয়া দাওয়া করতেন না বললেই চলে। এমনকী হাত কেটে আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন পলাশ। অনেক বোঝানো হয়েছিল, কিন্তু পলাশ যেন কোনও কথাই কানে তুলতেন না।
শুক্রবার রাতেও খাওয়া দাওয়া করেননি পলাশ। রাতের বেলায় নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন পলাশ। শনিবার সকালে বার কয়েক ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকেরা দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছেন পলাশ।
পলাশের ঘরেই মিলেছে একটা সুইসাইড নোটও। তাতে লেখা, 'নতুন সম্পর্কে ভাল থাকিস। নতুন মানুষ তোকে আগলে রাখবে'। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পলাশের মোবাইল পরীক্ষা করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গরিমায় কালো দাগ! তাও কেন বন্ধ করা যাচ্ছে না র্যাগিং