
শেষ আপডেট: 29 April 2023 14:14
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পাঠান সিনেমা দেখে ভাল লেগেছিল আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের। তাঁর মিউজিয়ামের দর্শনার্থীর আবদারও ছিল শাহরুখের মূর্তি (Shahrukh khan statue) বানানোর। সেকারণেই এবার আসানসোলের সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়ামে (wax museum) রাখা হল মোমের শাহরুখ খানের মূর্তি। এই মূর্তির শুভ উদ্বোধনে আসেন আসানসোল (Asansol) পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই বাদশার মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন অনেক মানুষ। পাঠানের লুক, চোখে রোদ চশমা। শাহরুখের মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফিও তুলছেন অনেকে।
ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের তৈরি এই মিউজিয়ামে আছে বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি। কোহলি থেকে মমতা, জ্যোতি বসু থেকে অমিতাভ বচ্চন কে নেই! এবার সেই মিউজিয়ামেই রাখা হল কিং খানের মূর্তি।
শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, অনেক মূর্তিই আছে এই মিউজিয়ামে। এই মিউজিয়ামে একটা খাতাও আছে। যারা আসেন এখানে, ওই খাতায় লিখে যান আর কী মূর্তি দেখতে চান। সেই খাতায় অনেক দিন ধরেই শাহরুখ, সালমানের নাম জমা পড়ছিল। আর শাহরুখ খান এখন বলিউডের এক নম্বর হিরো। পাঠান দেখেও ভাল লেগেছিল। সেকারণেই মূর্তি গড়া হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মোমের মূর্তি গড়তে ২ মাস সময় লেগেছে।
তিনি আরও জানান, সাধারণত মূর্তির পোশাক টেইলরের কাছ থেকে করে আনা হয়। এবার শাহরুখের মূর্তির পোশাক শিল্পীর মেয়ে নিজের আগ্রহে বানিয়েছেন। তাঁর মেয়েও মূর্তি গড়তে পটু। মানুষের ভাল লাগছে, এতেই আনন্দ শিল্পীর।
প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, বিয়ের আগের দিন চরম পদক্ষেপ ছাতনার যুগলের