
শেষ আপডেট: 10 September 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: কেন্দ্রীয় সরকারি স্কুলের হস্টেলে র্যাগিংয়ের (School Ragging) অভিযোগ! ক্লাস এইটের পড়ুয়াকে বাসন মাজতে বাধ্য করার অভিযোগ উঠেছে সিনিয়ার তিন ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্তরা ক্লাস টেনের পড়ুয়া। প্রতিবাদ করায় ক্লাস এইটের ওই পড়ুয়াকে মারধর করার হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলার কেন্দ্রীয় সরকারি স্কুল নবোদয় বিদ্যালয়ে। দূরদূরান্ত থেকে পড়ুয়ারা ওই স্কুলে পড়তে আসায় হস্টেলও রয়েছে এই স্কুলে। অভিযোগকারী পড়ুয়ার অভিভাবকদের দাবি, এই ঘটনার পর থেকে তাঁদের ছেলে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। সে আর হস্টেলে যেতে চাইছে না। জানা গেছে ওই পড়ুয়ার বাড়ি জেলার ইটাহার ব্লকে। পড়ুয়ার বাবা দিনমজুর। স্কুলটি বাড়ির থেকে অনেক দূরে হওয়ায় ছেলেকে স্কুলের হস্টেলে রেখেছেন।
রবিবারের এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্র। সোমবার ভোরেই বাবাকে ফোন করে আসতে বলে। তার বাবা সেখানে গেলে ওই ছাত্র বাড়ি ফিরে আসে। এরপর থেকে ওই ছা্ত্র মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে বলে তার অভিভাবকদের দাবি।
ওই ছাত্রের বাবার অভিযোগ, স্কুলের হস্টেলের ডাক্তার দেখাতে গিয়েও আরও এক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। ওই ডাক্তার নাকি তাঁকে জানান, হস্টেলের র্যাগিংয়ের বিষয়ে কোথাও যদি তাঁরা অভিযোগ না করেন তাহলেই একমাত্র তিনি ছাত্রের শারীরিক পরীক্ষা করবেন ও প্রেসক্রিপশন লিখে দেবেন। পড়ুয়ার বাবাকে এই মর্মে মুচলেকা দিতে হয়েছে বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে গেছে। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যেন বর্মন জানিয়েছেন, রাজ্য সরকারের উপর সব দোষ দেওয়া হয়। এটা তো কেন্দ্রীয় সরকারি স্কুল। তাহলে সেখানে কেন এই সব ঘটনা ঘটবে। ঘটনার অভিযোগ পেয়েই স্কুল কর্তৃপক্ষ তিন অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন। তাদের স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে হয়েছে বলে স্কুল সূত্রে জানা গেছে।
আরও পড়ুয়া: ঘরের মধ্যেই চাপ চাপ রক্ত, মদের বোতল ভাঙা! নৃশংসভাবে খুন হাওড়ার পুরকর্মী