দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়াল বেলুড়ের ভোটবাগান এলাকায়। শনিবার রাত ন'টা নাগাদ ৫৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়ির সামনে জড়ো হন কয়েকশো মানুষ। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্বের শর্ত না মেনেই তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলুড় থানার পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যে ওই এলাকার গরিব মানুষ চরম সঙ্কটে। কিন্তু প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা একবারের জন্যও তাঁদের পাশে দাঁড়াননি।
অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্থানীয় কিছু লোক ইচ্ছাকৃত তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দিয়েছে।