
শেষ আপডেট: 21 May 2023 03:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:রবিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল আগরপাড়ায় (Road Accident at Agarpara)। বিটি রোডের উপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলে ছিলেন তিন জন। তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলটি ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় ছিটকে পড়েন তিনজন। তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলিকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে আসছিল। পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার পর তিনজনই ছিটকে পড়েন। গোটা রাস্তা রক্তে ভেসে যায়। দমকলকর্মীরা সেই রক্ত ধোয়ান।