
শেষ আপডেট: 27 November 2022 14:40
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী (Subhas Chakraborty) একবার পরিজনদের নিয়ে তারাপীঠে গিয়েছিলেন। সেই খবর ছড়াতেই হই হই পড়ে যায়। অমন দোর্দণ্ডপ্রতাপ ঘোষিত নাস্তিক দলের নেতা কিনা শেষকালে মা তারার স্মরণাপন্ন হয়েছেন! এই নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রশ্ন করেন সাংবাদিকরা। বসুসুলভ প্রতিক্রিয়াও ধেয়ে আসে দ্রুত, "সুভাষের মনে মৃত্যু-ভয় ঢুকেছে!" আজ জ্যোতি বসু নেই, নেই সুভাষ চক্রবর্তীও। তাই হরেকৃষ্ণ কোঙারের নামাঙ্কিত দলীয় ভবনে (CPIM Party Office) অনুকূল ঠাকুরের (Anukul Thakur) দীক্ষাদানের অনুষ্ঠান হচ্ছে জানার পর জ্যোতি বসুর প্রতিক্রিয়া কী হতে পারত তা আর জানার উপায় নেই।
অবাক হলেও এটাই সত্যি যে কল্যাণীর হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্রে রবিবার অনুকূল ঠাকুরের দীক্ষাদান অনুষ্ঠান ও হরিনামের আসর বসে। বিনা ভাড়াতেই এই হল ব্যবহার করেন আয়োজকরা। নিজের মুখেই গোটা বিষয়টি জানান তাঁরা।
এই বিষয়ে হরেকৃষ্ণ কোঙার সমাজ বিজ্ঞান কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সম্পাদক তথা প্রাক্তন সাংসদ অলোকেশ দাসের সঙ্গে দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হলে তিনি অবশ্য হরেকৃষ্ণ কোঙারের নামাঙ্কিত ভবনে ধর্মীয় অনুষ্ঠানের কথা অস্বীকার করেন। বলেন, "শুধুমাত্র খাওয়াদাওয়ার জন্য ঘর ভাড়া দেওয়া হয়েছে।"
এলাকায় খোঁজ নিয়ে জানা গেল অনেকদিন ধরেই বিয়েবাড়ি, অন্নপ্রাশন, ঘরোয়া অনুষ্ঠানের জন্য কেউ চাইলে এই কার্যালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে। বিনামূল্যেই ব্যবহার করতে দেন নদিয়ার সিপিএম নেতারা। কিন্তু তাঁদের সেই বাড়িতেই এবার বসল ধর্মীয় অনুষ্ঠানের আসর। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে নদিয়া জেলায় পরিকল্পনা করে বাম ভোট রামে অর্থাৎ বিজেপিতে ট্রান্সফার করার অভিযোগ উঠেছিল। সেখানেই 'নাস্তিকের দল' সিপিএমের অফিসে ধর্মীয় অনুষ্ঠানের আসর বসায় বিতর্ক জোরালো হল।
বারবার মতাদর্শের পথে চলার কথা বলা আলিমুদ্দিনের কর্তারা এখন এই নিয়ে কী বলেন সেটাই দেখার।
স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় স্বামী! পিংলায় হইচই