দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক আগেই হ্যাক হয়েছিল উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক অফিসার অন স্পেশ্যাল ডিউটি, ডক্টর সুশান্ত রায়ের ফেসবুক অ্যাকাউন্ট। এবার একই কাণ্ড ঘটল রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টে।
তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এই অভিযোগ ঘিড়ে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে এলাকায়।
কোশলদেববাবুর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট শুধু হ্যাক করা হয়নি, পাশাপাশি হুবহু একই রকম আরও একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই নতুন ও ফেক অ্যাকাউন্ট থেকে রাতারাতি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে অনেককে।
এর পরে অজ্ঞাতপরিচয় এক মুমূর্ষ রোগীর ছবি পোস্ট করা হয় সেই অ্যাকাউন্ট থেকে। সেই ছবি দেখিয়ে আবেদন জানানো হয়, অসুস্থ রোগীর অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এরপর আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়ে ফোন পে-র মাধ্যমে টাকাও চাওয়া হয়। সেই ফোন পে-তে মিঠুন নায়েক নামের এক যুবক সাড়ে আট হাজার টাকা পাঠিয়েও দেয়।
এর পর রবিবার সকাল থেকে মুখ্য পুর প্রশাসকের ফোনে অনেকেই ফোন করে ওই রোগীর কথা জিজ্ঞেস করেন। তখনই আকাশ থেকে পড়েন কোশলদেববাবু। এর পরে ফেসবুক অ্যাকাউন্টের বিষয়টি নজরে আসে তাঁর।
বোঝামাত্র তড়িঘড়ি রানাঘাট থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কোশলদেব। পাশাপাশি সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।