
শেষ আপডেট: 7 September 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়া ও শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক রানা রায় (Rana Roy)। প্রমাণের অভাবে তিনি জামিন পেয়েছেন। কিন্তু বৃহস্পতিবার কাজে যোগ দিতে গিয়ে পড়ুয়াদের বাধার মুখে পড়লেন। কোচবিহার (Coochbehar College) আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে তিনি ইতিহাসের অধ্যাপক।
এদিন কলেজে কাজে যোগ দিতে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন এই বিতর্কিত অধ্যাপক। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন কলেজের পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের দাবি, ওই অধ্যাপক তাঁদের কলেজের নাম ডুবিয়েছেন। তাই কেউ চান না তিনি অধ্যাপক হিসাবে কলেজে থাকুন।
এদিকে কলেজ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলা হয়, ওই অধ্যাপক আপাতত মেডিক্যাল লিভে রয়েছেন। তিনি ফিটনেস সার্টিফিকেট জমা দিলে কাজে যোগ দিতে পারবেন। সূত্রের খবর, মামলার দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ।
যদিও এই ঘটনা নিয়ে অভিযুক্ত অধ্যাপক রানা রায়ের দাবি, যাদবপুরের ঘটনার সঙ্গে কোনওভাবেই তিনি জড়িত নন। পুলিশ তা প্রমাণও করতে পারেনি। কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভের কারণে কাজে যোগ দেওয়া হয়নি তাঁর। পড়ুয়াদের এমন মনোভাব দেখে তিনি অসুস্থবোধ করছেন। এবিষয়ে তিনি উচ্চশিক্ষা দফতরের কাছে চিঠি পাঠাবেন।
আরও পড়ুন: কংগ্রেস ও নির্দলদের যোগদান তাঁদের অন্ধকারে রেখেই, ঝালদায় ফুঁসে উঠলেন তৃণমূল কাউন্সিলর