
শেষ আপডেট: 6 April 2023 02:09
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রাম নবমীর (Ram Navami) মিছিলকে কেন্দ্র করে যখন হাওড়ার শিবপুর কিংবা হুগলির রিষড়ার অশান্তি আগুন জ্বলল, সেইসময় ঠিক তার উল্টো ছবি দেখা গেল মেদিনীপুর (Medinipur) শহরে। মিছিল চলার মাঝেই হিন্দু ভাইদের শোভাযাত্রা থামিয়ে তাদের সংবর্ধনা জানাল স্থানীয় এক মসজিদ কমিটি। ফুটে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতির (communal harmony) নিদর্শন। বৃহস্পতিবার, হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন জেলায় জেলায় এই সম্প্রীতির ছবিই দেখতে চাইছে গোটা বাংলা।

ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, রাম নবমীর উৎসবের রেশ জিইয়ে রাখতে গত মঙ্গলবার, ৪ তারিখ মেদিনীপুর শহরের এক শতাব্দীপ্রাচীন ক্লাব সুবিশাল মিছিল বের করেছিল। এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিবছরই হয়। এবারও তার অন্যথা হয়নি। ক্লাবের প্রাঙ্গণ থেকে সেই শোভাযাত্রা বেরিয়ে সিপাহী বাজার, এলআইসি মোড়, বটতলা হয়ে শহরের রিং রোড ঘুরে পুনরায় ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
এদিকে এই মিছিল যখন মাঝপথে, তখন শাহ আদিল মসজিদ কমিটির কয়েকজন এগিয়ে এসে শোভাযাত্রা থামায়। এরপর সেখানেই একে অপরকে সংবর্ধনা জানান তাঁরা। মসজিদ কমিটির পক্ষ থেকে মিষ্টি, ফুল তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষকে। তারাও মুসলিম ভাইদের রোজার ইফতারের জন্য ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানান। এরপর মিছিলে বেশ খানিকটা পথ একসঙ্গেই পা মেলান সবাই মিলে।

আদতে এটাই বাংলার আসল চিত্র। যে কোনও উৎসবে সবাই মেতে ওঠার নিদর্শন এ রাজ্যে বেশ পুরনো। আজ, বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিন এই সম্প্রীতির ছবি যেন সারা বাংলায় ছড়িয়ে পড়ে, তেমনটাই চাইছেন রাজ্যের আপামর সাধারণ মানুষ।
'হ্যাঁ, ভয় পাচ্ছি', বলছেন শীর্ষেন্দু, কৌশিকের দাবি, 'বিপন্নতার ন্যারেটিভ রাষ্ট্রই ছড়াচ্ছে'