
শেষ আপডেট: 30 August 2023 04:32
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির কারণে খানিকটা হলেও কমেছিল ভ্যাপসা গরম। কিন্তু সোমবার থেকেই বৃষ্টি কমেছে, সঙ্গে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। বেড়েছে দিন ও রাতের তাপমাত্রাও। যার ফলে প্যাচপ্যাচে গরমে নাভিশ্বাস উঠছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজনের। উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির দেখা নেই (raksha bandhan weather forecast)। আজ রাখি পূর্নিমাতেও কি তেমনটাই থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে বেশি। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই (rain prediction)। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘামে ভিজতে হবেই।
আলিপুর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যদিও আজ রাখি পূর্ণিমার দিন, অর্থাৎ বুধবার দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান। আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের, যা স্বাভাবিকের থেকে অন্তত ২ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা।
আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণে বৃষ্টি বাড়লেও শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তো বটেই, উত্তরের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার সঙ্গেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীরও।
কলকাতায় বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।
আসানসোলের খনিতে বড় দুর্ঘটনা, কয়লা গুঁড়ো করার মেশিনের নীচে পিষে গেলেন শ্রমিক