দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দশক ধরে তাঁরা এই দেশের বাসিন্দা। তবু স্মৃতি থেকে মুছে যায়নি কান্দাহারে কাটানো দিনগুলো। তাদের আত্মীয়রা এখনও রয়েছেন আফগানিস্তানে। ভারতে থাকা আফগান নাগরিকদের আশ্বস্ত করতে রাখিবন্ধনের আয়োজন করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বারাসত হেলাবটতলা মোড়ে আফগানদের হাতে রাখি পরিয়ে দেন সংস্থার সদস্যরা। এমন অভিনব উদ্যোগে খুশি আফগানরাও।
সকলেই জানান, তাঁরা ভারতে নিরাপদ আশ্রয় থাকলেও আত্মীয়রা মাতৃভূমে রয়েছেন। তাদের দেশে গদি উল্টেছে। আফগান সরকারের হাত থেকে ফের ক্ষমতা কেড়ে নিয়েছে তালিবান। আফগানিস্তানকে শান্ত করতে আন্তর্জাতিক মহল এখনও কিছু করে উঠতে পারেনি।
বিভীষিকায় দিন আবার ফিরে এসেছে তাঁদের মাতৃভূমে। তাই আত্মীয়দের চিন্তায় ঘুম উড়িয়েছে তাঁদের। তাঁরা চান, অশান্ত আফগানিস্তানে শান্তি ফিরুক। আফগানদের পাশে থাকুক ভারত।
এক আফগানি শের খাঁয়ের দাবি, বহু ধর্ম আর ভাষার দেশ ভারতের গনতান্ত্রিক ব্যবস্থাই তাদের আকৃষ্ট করেছে। এমন অনন্য দেশ পৃথিবীতে খুবই কম আছে বলেই তাঁরা মনে করেন।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য দেবব্রত পাল জানান, সম্প্রীতির নজির গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিনব এই রাখিবন্ধন সম্প্রীতিবার্তা দিল।