
শেষ আপডেট: 19 January 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো, ময়নাগুড়ি: সকাল থেকে চলছে রেল রোকো। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে চলছে এই কর্মসূচি। সকাল ৭ টা থেকে ১২ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচী শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে ট্রেন। স্টেশনে আটকে পড়েছে বন্দে ভারত। একে ঘন কুয়াশার জের আর তার উপর বিক্ষোভের কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রেনযাত্রীরা।
ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে চলছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে রয়েছে নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। পতাকা হাতে রেল লাইনে নেমেছে ছাত্র-যুবরা।
আকসুর প্রেসিডেন্ট কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন। উত্তরবঙ্গ বলে কিছুই ছিল না। ইতিহাস বলছে কামতাপুর ছিল। আমাদের রাজ্য ফিরিয়ে দিক।” অন্মেযদিকে, ল ট্রেনের ম্যানেজার অশোক কুমার জানিয়েছেন, আন্দোলনের কারণে ট্রেন এগনো যাচ্ছে না। প্রায় ৬টা ৫৭ থেকে এখনও ট্রেন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রেল রোকো করা হবে বলে সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে জানানো হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি নেওয়া হবে সে ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা নেয় আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করেন তাঁরা।