দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : বাড়ির সামনে মাইক বাজানো ও বোম ফাটানোর প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল এক হাতুড়ে ডাক্তারকে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঘাটালের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চন্দ্রকোনা থানার যাদবনগরে বাড়ি গৌতম মল্লিকের। পাড়ায় শীতলা পুজো উপলক্ষে কয়েকজন মদ্যপ যুবক মঙ্গলবার রাতে তারস্বরে মাইক বাজাতে শুরু করে। বোমাও ফাটাচ্ছিল তারা। আওয়াজে অতিষ্ট হয়ে বাড়ি থেকে বেড়িয়ে প্রতিবাদ করেন গৌতমবাবু। তখনই ওই ডাক্তারের উপর চড়াও হয় তারা। তাদের হাত থেকে গৌতমবাবুকে বাঁচাতে বাড়ির মহিলারা এগিয়ে এলে তাঁদেরকেও মারধর করে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।