
শেষ আপডেট: 23 September 2023 04:35
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে বর্ষা বিদায়ের সময় হয়ে গেছে। কিন্তু সেপ্টেম্বরেরও তৃতীয় সপ্তাহতেও লাগাতার বৃষ্টির জেরে কার্যত বানভাসি অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। চলতি বছর জুন-জুলাইয়ে বৃষ্টির যথেষ্ট ঘাটতি ছিল রাজ্যজুড়ে। তাই এই শেষ বেলায় যেন বর্ষার প্রতি বাংলার করুণ আর্তি, 'যেতে নাহি দিব' (weather forecast)।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় রাতভর চলেছে বৃষ্টি। তার জেরেই কোথাও গোড়ালি ডুবছে, কোথাও বা হাঁটু জল জমে গেছে রাস্তায়। আজ শনিবার, পুজোর আগে সপ্তাহান্তের এই সময়টুকুতে অনেকেরই শপিং-এর পরিকল্পনা থাকে (Pujo shopping)। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই পরিকল্পনাতেও কার্যত জল ঢালবে আকাশ।
শনিবার দুপুরের মধ্যেই দুই ২৪ পরগনা, হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় (Rain prediction)। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। ২৬ তারিখ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আপাতত উত্তরবঙ্গেও চলবে বর্ষণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার সকালে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আপাতত কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।
তবে হাওয়া অফিসে একথাও জানিয়েছে, অক্টোবরের শুরুতেই ফের অতি গভীর একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বাংলায়। রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও। তবে আরও কয়েকদিন না গেলে বিষয়টি স্পষ্ট ভাবে বলা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
প্রাথমিকে দুই শিক্ষক ‘উধাও’! ইডি বলছে আছেন, পর্ষদ বলছে নেই, ভোজবাজি নাকি