
শেষ আপডেট: 18 September 2022 06:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার সকালে টিটাগড়ের (Titagarh) স্কুলে বোমাবাজির ঘটনায় (school blast case) চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ক্লাস চলাকালীন পড়ুয়া ভর্তি স্কুলে কীভাবে বোমা এলো, কেই বা বোমা ছুড়ল, তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। ঘটনায় সিবিআই এমনকি এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল বিজেপিও। তবে তার আগেই রহস্যের কিনারা করল রাজ্য পুলিশই। একদিনের মধ্যেই অভিযুক্তদের পাকড়াও (arrest) করা হয়েছে। জানা গেছে, খেলার ছলেই বোমাবাজি করেছিল ওই স্কুলেরই এক প্রাক্তন পড়ুয়া! সঙ্গে ছিল তার তিন বন্ধুও। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।
পুলিশ জানায়, টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ওই চার ধৃতদের নাম, মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। সকলেই ১৮ থেকে ১৯ বছর বয়সী। এদের মধ্যে একজন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। ধৃতরা জেরার মুখে স্কুলের ছাদে বোমা ছোড়ার কথা স্বীকার করেছে। যে ওই স্কুলের ছাত্র ছিল তার দাবি, খেলতে খেলতেই তারা বোম ছুড়েছিল স্কুলের ছাদে। তবে সত্যিই কি খেলার ছলে নাকি পুরনো কোনও রাগ থেকে তারা স্কুলের ছাদে বোমা ছুড়েছিল, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। তাদেরকে আজ টানা জেরা করা হবে।
টিটাগড়ে স্কুল চলাকালীন বিস্ফোরণ, বড় বিপদ থেকে রক্ষা ছাত্রদের
গতকালই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন। তার আগে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। শুভেন্দু ও লকেট রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে বলেন, গোটা বাংলা এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে।
যদিও এই ঘটনায় রাজ্য পুলিশের উপরেই ভরসা রেখেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে বলে শনিবারই বলেছিলেন অর্জুন। পুলিশকে অতি সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এরপর শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ফরেন্সির দলও ঘটনাস্থলে যায় এবং বোমার স্প্লিন্টার উদ্ধার করে পরীক্ষাগারে পাঠায়। তারপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।