
শেষ আপডেট: 24 November 2022 13:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চারটি খুন করে পালিয়ে আসা অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল বিহার এসটিএফের সদস্যরা (Police Arms Snatching)। তাঁদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলার চেষ্টা হয়। যদিও শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী নবীনকুমার ঝা।
পুলিশসূত্রে জানা গেছে, বিহারে একটি মাছের ভেড়ি নিয়ে গণ্ডগোলের জেরে খুন হয় চারজন। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিহার পুলিশ। কিন্তু অন্যতম অভিযুক্ত বিহারের মধুবনীর বাসিন্দা নবীনকুমার ঘটনার পর থেকে ফেরার ছিল। বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তার সন্ধানে তল্লাশি শুরু করে জানতে পারে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোনা ট্রাক টার্মিনালে (Kona Truck Terminal) গা ঢাকা দিয়ে আছে বছর ২৬ এর এই যুবক।
১৭ কোটির বিষ! হিলি সীমান্তে পাচারকারীদের ছক ভেস্তে দিল বিএসএফ
বৃহস্পতিবার দুপুরে এই ট্রাক টার্মিনালে আচমকা অভিযান চালায় বিহার এসটিএফ টিম। পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী। এসটিএফ এর সদস্যদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, একেবারে হিন্দি সিনেমার কায়দায় পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি দিতে থাকে সে। এসটিএফের এক অফিসার কোনওমতে ঝাঁপিয়ে পড়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। তখন এসটিএফ এর অন্য এক অফিসারকে নিশানা করে সে। তাঁর উপর ঝাঁপিয়েও পড়ে নবীন। ইতিমধ্যে কর্তব্যরত কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ছুটে আসে। ধরে ফেলা হয় অভিযুক্তকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।