
শেষ আপডেট: 13 July 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভোট হিংসায় (Panchayat Election Violence) বাংলায় মৃত্যু মিছিল থামছেই না। উত্তর থেকে দক্ষিণ একই ছবি। মনোনয়ন পর্ব থেকেই অশান্তির 'হটস্পট' হয়ে উঠেছিল কোচবিহার। দিনহাটা, শীতলখুচি, তুফানগঞ্জ, গীতলদহ--- কোথায় অশান্তি হয়নি। রক্ত ঝরেছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। ভোট (Panchayat Election 2023) মিটলেও অশান্তি মিটছে না এই জেলায়। বৃহস্পতিবার কোচবিহারে দু'জনের মৃত্যু (Coach Behar Death) হয়েছে বলে খবর।
জানা গেছে, ভোটের আগের রাতে বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর্মী। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
বিজেপির অভিযোগ ছিল, ভোটের আগের রাতে তাদের দলীয় কর্মীদের ওপর চড়াও হয়ে হামলা চালিয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় মাথায় আঘাত লাগে জয়ন্তর।
আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহতকে দেখতেও সেই হাসপাতালেও গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। অবস্থার অবনতি হওয়ায় বুধবারই তাঁকে কোচবিহারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
অন্যদিকে, শীতলখুচিতেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ভোটের দিন তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলির আঘাতে আহত হয়েছিলেন এক তৃণমূল কর্মী। এদিন তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তেজনা ছড়াল কোচবিহারে।
ভাঙড়ে ফের বিস্ফোরণ! বোমা ফেটে ঝলসে গেলেন ১০ জন আইএসএফ কর্মী