
শেষ আপডেট: 8 July 2023 04:06
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোটের (Panchayat Election 2023) আগের রাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর ছেলেকে লক্ষ্য করে চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, মাথায় গুলি লাগল তাঁর মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থল থেকে একটি বুলেট ও একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের (Tarakeswar Fire) নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা।
নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং। ১৪৬ নম্বর গ্রাম সংসদ থেকে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল থেকে প্রার্থী হয়েছেন তিনি। পিন্টুবাবুর অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। তিনি বলেন, “আমার ছেলে শ্রীমন্ত সিংকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা। ছেলের গুলি লাগেনি। এরপর আমার মেয়ে চন্দনাকে লক্ষ্য করে গুলি চালায় ওরা। ওর মাথায় গুলি লাগে।” আশঙ্কাজনক অবস্থায় চন্দনাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় পিন্টুবাবু তৃণমূল প্রার্থী দীপ হাঁসদার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দীপ হাঁসদা জানান, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তবে একইসঙ্গে আবার তাঁর প্রস্তাবক অরবিন্দ ধারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায় “দোষী হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।”
শনিবার ভোটপর্ব শুরু হতেই আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় নির্দল প্রার্থীর এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিকের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল থেকে তাঁকে আরামবাগ হাসপাতালে পাঠানো হয়। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আড়ান্ডি এলাকায় বোমাবাজিতে জখম হলেন তৃণমূল নেতার ছেলে। তাঁর চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় জামির হোসেন নামে ওই যুবককে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমুল নেতা স্বপন নন্দীর অভিযোগ এখানে নির্দলের লোকজন তাণ্ডব করছে। তিনি বলেন, “ওরাই বোমাবাজি করছে। গুলি করছে। তাতেই আমাদের এক নেতার ছেলে জখম হয়েছেন।”
কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টকে খুনের অভিযোগ, গুলি চলল মুহুর্মুহু