
শেষ আপডেট: 1 August 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রমরমিয়ে চলছিল মালিকের ব্যবসা। চালকের (Lorry Driver) দাবি, দিন রাত এক করে কাজ করাচ্ছিলেন মালিক। অথচ গত কয়েক মাস ধরে বেতনের কথা শুনলেই পাশ কাটিয়ে যাচ্ছিলেন তিনি। আকুতি মিনতি করেও মালিকের (owner) হাত থেকে বেতনের টাকা বার করতে পারছিলেন না বলে অভিযোগ চালকের।
সোমবার রাতে ঝাড়খন্ড থেকে এরাজ্যের পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে কাবাড়ি পট্টিতে মালিকের পণ্যসামগ্রী ডেলিভারি করতে এসেছিল চালক। পণ্য সামগ্রী আনলোডিং করার পর ইচ্ছে ছিল, আর মালিকের কাছে ফিরবেন না। তাই ফোনে মালিককে জানান, ট্রাক চুরি হয়ে গেছে। মনের আনন্দে এরপর আসানসোলের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি! তাড়াহুড়োয় ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে গিয়েছিলেন শহিদ।
পুলিশের দাবি, লাইসেন্স ছাড়া ট্রাক চালানোর অপরাধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ জরিমানে করে শহিদকে। সঙ্গে সঙ্গে মালিকের মোবাইলে চলে যায় মেসেজ। ট্রাক মালিক তৎক্ষনাৎ পুলিশকে ফোন করে জানান, তাঁর চালক তাঁকে ফোন করে জানিয়েছেন. ট্রাকটি চুরি হয়ে গেছে। এরপরেই চালক শহিদ কুমারকে পাকড়াও করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটি।
পরে জেরার মুখে শহিদ পুলিশের কাছে পুরো ঘটনা স্বীকার করে। পুলিশকে জানায়, ঠিক কী কারণে সে লরি চুরির মিথ্যে গল্প ফেঁদেছে! ধৃত লরি চালককে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: বুদ্ধদেবের হিমোগ্লোবিন কম, দেওয়া হচ্ছে রক্ত! আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী